কমলালেবু সাধারণত শীতকালীন একটি ফল। অন্য সময়ও এটি পাওয়া যায় তবে তুলনামূলকভাবে কম। কমলালেবু কমলা রঙের জন্য দেখতে খুবই আকর্ষণীয় আমাদের চোখকে ভীষণভাবে আকৃষ্ট করে।নামটা শুনলেই চোখের সামনে খুব সহজে ভেসে ওঠে আর জিভে জল এনে দেয়।শীতের অলস দিনে কমলালেবুর খোসা ছাড়ালেই চারদিকের বাতাসে ছড়িয়ে পড়ে সেই চনমনে সুবাস! তার কমলা রঙের কোয়াগুলো মুখে দিয়ে হালকা কামড় দিলেই একঝলক ঠান্ডা, মিষ্টি এবং হালকা টক রসের মুগ্ধ করা স্বাদে মুখটা ভরে যায়। শুধু স্বাদের জন্যই নয়, এটি শরীরকে ভিতর থেকে সজীব রাখার জন্যও প্রকৃতির এক অনন্য উপহার।
কমলালেবু হলো সাইট্রাস গোত্রের অন্তর্ভুক্ত একটি ফল। এর বৈজ্ঞানিক নাম হল Citrus sinensis। এটি রসালো, পুষ্টিকর উপাদানে ভরা, ভিটামিনসমৃদ্ধ এবং রোগপ্রতিরোধে অত্যন্ত কার্যকর।
কমলালেবুর পুষ্টি উপাদান:
কমলালেবুর মধ্যে কোন উপাদানটি ঠিক কতটা পরিমাণে থাকে, এবং তা দৈনিক চাহিদার কতটা পূরণ করতে পারে ক্রমানুসারে নিচে সাজানো হলো:
- জল : 86.75 গ্রাম
কমলালেবুর সিংহভাগই প্রাকৃতিক জলীয় অংশ। - শর্করা বা কার্বোহাইড্রেট : 11.75 গ্রাম (দৈনিক চাহিদার 4%)
- ডায়েটরি ফাইবার বা আঁশ : 2.4 গ্রাম (দৈনিক চাহিদার 9%)
- প্রোটিন : 0.94 গ্রাম (দৈনিক চাহিদার 2%)
- ফ্যাট বা চর্বি : 0.12 গ্রাম (দৈনিক চাহিদার 0.3%)
প্রয়োজনীয় খনিজ উপাদান :
- পটাশিয়াম : 181 মিলিগ্রাম (দৈনিক জায়গা 4%)
- ক্যালসিয়াম : 40 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 4%)
- ম্যাগনেসিয়াম : 10 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 2.5%)
- ফসফরাস : 14 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 1.5%)
ভিটামিনসমূহ :
- ভিটামিন C : 53.2 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 86% – 92%)
- ভিটামিন B-9 বা ফোলেট : 30 মাইক্রোগ্রাম (দৈনিক চাহিদার 8%)
- ভিটামিন A : 11 মাইক্রোগ্রাম (দৈনিক চাহিদার 1%)
এছাড়া যে সমস্ত ভিটামিন সামান্য পরিমাণে থাকে সেগুলি হল ভিটামিন B1 (থায়ামিন), B2 (রিবোফ্লাভিন) এবং B3 (নিয়াসিন)।
আয়ুর্বেদ শাস্ত্রে কমলালেবুর গুরুত্ব
আয়ুর্বেদে কমলালেবুকে একটি মহিমান্বিত এবং বহু গুণসম্পন্ন ফল হিসেবে বর্ণনা করা হয়ে থাকে।আয়ুর্বেদে কমলালেবুকে বলা হয় “নারঙ্গ” ।এটি শরীরকে পুষ্ট করে তোলে এবং মনের ক্লান্তি দূর করে থাকে। পাকা কমলালেবু মিষ্টি ও সামান্য টক হয়, যা মুখের রুচি ফিরিয়ে আনে। এছাড়া বিভিন্ন রোগে বিভিন্নভাবে আমাদেরকে রোগ প্রতিরোধের সাহায্য করে থাকে।
আয়ুর্বেদ মতে কমলালেবু পিত্ত দমন করে, অতিরিক্ত গরমে শরীর ঠান্ডা রাখে, অগ্নি জাগায়, হজমশক্তি বাড়ায়, রক্তশোধন করে, ত্বকের রোগে উপকারী, তৃষ্ণা নিবারণ করে, জ্বরের সময় অত্যন্ত উপকারী, ক্লান্তি দূর করে, দুর্বল রোগীদের শক্তি দেয়।
আয়ুর্বেদিক সতর্কতা:
আয়ুর্বেদ শাস্ত্র মতে, কমলালেবু কখনো অতিরিক্ত রাতে কিংবা খালি পেটে খাওয়া উচিত নয়। এটি বিকালে বা দুপুরে খাওয়ার কিছুক্ষন পর খাওয়া শরীরের জন্য খুবই উপকারী।
উপসংহার :
সর্বোপরি বলা যায়, কমলালেবু কেবল শীতকালীন একটি সুস্বাদু ফলই ছাড়াও, এটি প্রকৃতির দেওয়া এক জাদুকরী সঞ্জীবনী। এর মধ্যে থাকা উপাদানের বিন্যাস—প্রচুর জলীয় অংশ, প্রয়োজনীয় শর্করা, খাদ্যআঁশ এবং ভিটামিন সি-এর উপস্থিতি পুষ্টিবিজ্ঞানের মানদণ্ডে অত্যন্ত উপকারী। একই সাথে, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে একে ত্রিদোষ নাশক এবং জঠরাগ্নি প্রদীপক বলা হয়। এটি শরীরকে ভেতর থেকে সুস্থ সবল রাখতে এবং মনকে সতেজ রাখতে কার্যকরী।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, হৃদযন্ত্রের সুরক্ষা এবং ত্বকের লাবণ্য ধরে রাখা—সবক্ষেত্রেই কমলালেবু অত্যন্ত চমৎকারী। তবে এর সম্পূর্ণ সুফল পেতে হলে সঠিক সময়ে এবং পরিমিত পরিমাণে খাওয়া দরকার। প্রতিদিন একটি করে কমলালেবুর রস খেলে আমরা খুব সহজেই সুস্থ, সবল এবং দীর্ঘায়ু জীবন লাভ করতে পারি।
Leave a Reply