কলা: এর পুষ্টি উপাদান, জনপ্রিয় কেন? কেন খাবেন?

কলা: প্রকৃতির মিষ্টি ও শক্তির ভাণ্ডার

আমরা প্রত্যেকেই কোন না কোন সময় কলা খেয়েছি। গাছ থেকে সদ্য পাড়া সোনালি-হলুদ খোসার আড়ালে লুকিয়ে থাকা নরম, সুগন্ধি, মধুর স্বাদের এই ফলটি আমাদের সকলের কাছে খুব পছন্দের। কলা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ফলগুলোর একটি। কলা শুধু স্বাদের জন্য পৃথিবীর অন্যতম জনপ্রিয় ফল নয়, বরং এটি শক্তি, পুষ্টি এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্যও প্রসিদ্ধি লাভ করেছে। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে ক্রীড়াবিদ—সবার জন্যই কলা অত্যন্ত উপকারী খাদ্য। সহজপাচ্য, শক্তিদায়ক এবং অসংখ্য ভিটামিন-খনিজে সমৃদ্ধ এই ফলকে ক্ষুধার্ত অবস্থাতে খেলে অল্প সময়ের মধ্যেই শক্তি জোগায়, তাই আয়ুর্বেদে কলাকে শক্তিবর্ধক তৃপ্তিদায়ক এবং দেহ পুষ্টি কারক খাদ্য হিসাবে গণ্য করা হয়।

জনপ্রিয় কলার জাত গুলি হল চাঁপা কলা, সাগর কলা, কাঁঠালি কলা, সবরি কলা, লাল কলা। এদের প্রত্যেকেরই কিছু না কিছু বিশেষ গুণাগুণ রয়েছে। তাই কলার বৈজ্ঞানিক নাম ও মূলত এর জাত এবং প্রকৃতির ওপর ভিত্তি করে ভিন্ন হয়ে থাকে।  সামগ্রিকভাবে কলার গণ বা জেনাসকে Musa বলা হয়।

কলা এমন একটি ফল যা  প্রাতঃরাশ, শরবত, স্মুদি, পায়েস, হালুয়া, কেক কিংবা সরাসরি ফল হিসেবে খাওয়া যায়। তাই সবভাবেই এটি সমান জনপ্রিয়।

প্রতি ১০০ গ্রাম পাকা কলা 89 কি.ক্যালরি শক্তি প্রদান করে। কলায় থাকা পুষ্টি উপাদান সমূহ এবং সেগুলি মানুষের দৈনিক পুষ্টির চাহিদার কত শতাংশ পূরণ করতে পারে,  নিম্নে দেওয়া হল হলো—

প্রতি ১০০ গ্রাম পাকা কলার পুষ্টিগুণ

  • জল : প্রায় 74–75 গ্রাম
  • কার্বোহাইড্রেট : প্রায় 22–23 গ্রাম (দৈনিক চাহিদার 8% পূরণ করে)
  • প্রাকৃতিক চিনি : 12.23 গ্রাম (গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ) যা শরীরকে দ্রুত শক্তি দেয়
  • খাদ্যআঁশ (ফাইবার) : প্রায় 2.5–3 গ্রাম (দৈনিক চাহিদার 10% পূরণ করে)
  • প্রোটিন : প্রায় 1.1 গ্রাম (দৈনিক চাহিদার 2%)
  • ফ্যাট : প্রায় 0.33 গ্রাম 

খনিজ পদার্থ (Minerals)

 খনিজ পদার্থের মধ্যে পটাশিয়াম কলার সবচেয়ে শ্রেষ্ঠ খনিজ।

  • পটাশিয়াম : প্রায় 358 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 8%)
  • ম্যাঙ্গানিজ : প্রায় 0.27 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 12%)
  • ম্যাগনেসিয়াম : প্রায় 27 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 7%)
  • ফসফরাস : প্রায় 22 মিলিগ্রাম. (দৈনিক চাহিদার 3%)
  • ক্যালসিয়াম : প্রায় 5 মিলিগ্রাম. (দৈনিক চাহিদার 0.5%)
  • সোডিয়াম : প্রায় 1 মিলিগ্রাম.(অতি অল্প পরিমাণ)
  • লৌহ  : প্রায় 0.26 মিলিগ্রাম. (দৈনিক চাহিদার 1.5%)
  • জিঙ্ক : প্রায় 0.15 মিলিগ্রাম. (দৈনিক চাহিদার 1.5%)
  • তামা : প্রায় 0.078 মিলিগ্রাম. (দৈনিক চাহিদার 3%)
  • সেলেনিয়াম : অতি অল্প পরিমাণে

ভিটামিনসমূহ 

ভিটামিন B6 কলার সবচেয়ে সমৃদ্ধ ভিটামিন। এটি স্নায়ু ও মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • ভিটামিন C : 8.7 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 10%)
  • ভিটামিন B6 : 0.367 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 28%)
  • ভিটামিন B5 (প্যান্টোথেনিক অ্যাসিড) : 0.334 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 7%)
  • ভিটামিন B3 (নায়াসিন) : 0.665 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 4%)
  • ভিটামিন B2 (রাইবোফ্লাভিন) : 0.073 মিলিগ্রাম (দৈনিক চাহিদার 5%)
  • ভিটামিন B1 (থায়ামিন) : 0.031 মিলি গ্রাম (দৈনিক চাহিদা 3%)
  • ভিটামিন B9 (ফলেট) : 20.0 মাইক্রগ্রাম (দৈনিক চাহিদার 5%)
  • ভিটামিন E : সামান্য (দৈনিক চাহিদার 1%)
  • ভিটামিন A : সামান্য (1% এর থেকেও কম)
  • ভিটামিন K : সামান্য (1% এর থেকেও কম)

কলার বিশেষ জৈব সক্রিয় উপাদান

ডোপামিন— এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট।

ক্যাটেচিন— এটি হৃদরোগ প্রতিরোধে সহায়ক।

ট্রিপটোফ্যান— এটি সেরোটোনিন তৈরিতে সাহায্য করে। 

রেজিস্ট্যান্ট স্টার্চ— এটি বিশেষত কাঁচা কলায় বেশি থাকে। 

পেকটিন— এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে উপকারী।

বহুমুখী রান্নায় কলা

কলা গাছের প্রায় প্রতিটি অংশই খাওয়া যায় এবং বহুমুখী রান্নায় কলা (কাঁচাকলা ও পাকা কলা), মোচা (কলার ফুল কে মোচা বলা হয়) এবং থোড় (কলার কাণ্ড কে থোর বলে) দিয়ে চমৎকার সব ঐতিহ্যবাহী তরকারি ও খাদ্যবস্তু তৈরি করা হয়। 

কলা (কাঁচাকলা ও পাকা কলা) দিয়ে তৈরি কিছু খাবার হলো — কাঁচাকলার শুক্তো, কাঁচাকলার কোফতা কারি, কাঁচাকলা ও আলু দিয়ে মাছের পাতলা ঝোল, কাঁচাকলার খোসা বাটা, পাকা কলার বড়া বা মালপোয়া, ইত্যাদি।

কলার ফুল (মোচা) দিয়ে তৈরি খাবার 

কলার ফুল বা মোচা কাটার প্রক্রিয়াটি কিছুটা সময়সাপেক্ষ হয়ে থাকে। এর তৈরি তরকারি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর হয়। যেমন — মোচার ঘণ্ট, চিংড়ি দিয়ে মোচার ঘণ্ট, মোচার চপ বা কাটলেট, মোচার বড়া ইত্যাদি। 

কলার থোড় (অভ্যন্তরীণ কাণ্ড) দিয়ে তৈরি খাবার 

কলা গাছের ভেতরে থাকা নরম সাদা কাণ্ড কে থোড় বলা হয়। যা ফাইবার বা আঁশে ভরপুর এবং কোষ্ঠকাঠিন্য ও রক্তচাপের জন্য অত্যন্ত উপকারী। কলার থোড় দিয়ে তৈরি খাবার গুলি হল থোড়ের ছেঁচকি বা ঘণ্ট, থোড় ভাজা, থোড়ের কোফতা কারি, থোড়ের রায়তা, ইত্যাদি। 

উপসংহার

কলাকে শুধু একটি ফল বললে চলে না; এটি শক্তি, পুষ্টি ও স্বাদ এর এক সমন্বয়। পাকা কলার মিষ্টি সুগন্ধ, কাঁচা কলা দিয়ে বহুমুখী রান্না, কলার ফুলের এবং থোড়ের খাদ্যগুণ—সব মিলিয়ে কলাগাছের প্রায় প্রতিটি অংশই মানব শরীরকে উপকার করে থাকে। আয়ুর্বেদ শাস্ত্রে একে বলবর্ধক, পুষ্টিবর্ধক ও দেহপোষক খাদ্য হিসেবে বিশেষ মর্যাদা দেওয়া হয়।  সুষম খাদ্য হিসেবে কলা কে দৈনন্দিন জীবনে যুক্ত করলে এটি শরীরের শক্তি, পুষ্টি এবং তৃপ্তির এক অপূর্ব উৎস।।

Leave a Comment